Home Top Ad

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে কঙ্ক...

কবর থেকে কঙ্কাল চুরি!

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে কঙ্কাল চুরির এই ঘটনা ঘটে।

যাঁদের কঙ্কাল চুরি করা হয়েছে, সেই মৃত ব্যক্তিরা হলেন উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ঘাগড়া মারুয়াপাড়া গ্রামের কফিল উদ্দিন (৯০), একই গ্রামের চান মিয়া (৬২) ও তাঁর স্ত্রী আমেনা বেগম (৬০) এবং ঘাগড়া প্রধানপাড়া গ্রামের সিরাজ মিয়া (৬৫)।

মৃত ব্যক্তিদের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে কফিল উদ্দিন, দেড় মাস আগে চান মিয়া, চার মাস আগে আমেনা বেগম ও এক বছর আগে সিরাজ মিয়া মারা যান। মৃত্যুর পর তাঁদের লাশ ঘাগড়া মারুয়াপাড়া ও প্রধানপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আজ সোমবার ভোরে মৃত ব্যক্তিদের স্বজনেরা কবরস্থানে গিয়ে দেখেন, কয়েকটি কবর খোঁড়া হয়েছে। খোঁড়া কবর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এ সময় তাঁরা কবরের কাছে গিয়ে দেখতে পান, উপরিউক্ত ব্যক্তিদের কঙ্কাল কবরের ভেতরে নেই। এরপর বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়ে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।Eprothomalo

মৃত চান মিয়ার ভাতিজা জিয়াউর রহমান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন, গতকাল গভীর রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কবর থেকে এসব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় সংবাদ দেওয়া হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, স্থানীয়ভাবে সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।